গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা: গোলাম পরওয়ার

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০৯:০২ রাত
  • ২৮০০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে বিলম্ব হলে দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে এবং পরিস্থিতি সংঘাতের দিকে যেতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচার দাবিতে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনের আয়োজন করা হয়।

এর আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে ছয় দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। শহীদ পরিবার ও ১১ দলীয় ঐক্যের পক্ষে সংরক্ষিত আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য এবং শিশু শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম স্মারকলিপি হস্তান্তর করেন।

গোলাম পরওয়ার বলেন, স্পিকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন—প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি উদ্যোগ নিতে। এ বিষয়ে স্পিকার ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।

তিনি আরও জানান, আগামী বুধবার সকাল ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সংসদ পরিচালনা করলে তা জনগণ মেনে নেবে না। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বৃহত্তর গণআন্দোলনের সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, গণহত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে জনগণ সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। তবে আন্দোলনের পরিবর্তে সরকার যেন দ্রুত কার্যকর সমাধানের পথে এগিয়ে আসে, সেই আহ্বানও জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য দেওয়া শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গণহত্যার সঙ্গে জড়িত অনেক আসামি এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন। কোথাও কোথাও সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে এবং কিছু আসামি জামিন পাচ্ছেন, যা বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। তারা দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আবদুল ওহাব মিনার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজ হোসাইনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মানববন্ধনে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাইয়ের গণহত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad