নাইক্ষ্যংছড়িতে ৬ রাবার শ্রমিক অপহরণ: র‌্যাবের জালে অপহরণচক্রের মূলহোতা মিজান

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, ০৬:০৭ বিকাল
  • ২০৪১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ছয় রাবার শ্রমিক অপহরণের আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। সংস্থাটির দাবি, মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে অপহরণচক্রের এই মূল সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আহমদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়াসহ নারী ও শিশু নির্যাতনের একাধিক মামলার অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুর্বৃত্তরা ছয়জন রোহিঙ্গা শ্রমিককে অপহরণ করে। পরে তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃতদের ওপর শারীরিক নির্যাতনেরও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় অপহরণ মামলা দায়ের হলে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং প্রযুক্তিগত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযানে অপহরণচক্রের মূলহোতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অপহরণচক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad