বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে এবং প্রাণহানির ঘটনা বেড়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াত সহজ করতে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এর ফলে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একটি বিশেষ দেশকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী জানান, সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি সারা দেশে শোক পালন করছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন এবং দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেছেন।
এ সময় তিনি চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক