মন্ত্রিসভার সিদ্ধান্ত: ১ নভেম্বরই ফিরছে জাতীয় যুব দিবস, ১২ আগস্ট পালিত হবে আন্তর্জাতিক যুব দিবস

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ রাত
  • ১৪২৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সরকার আবারও আগের নিয়মে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার ১৩তম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালন করত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুটি দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ২০২৫ সালে প্রথমবারের মতো একই দিনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়।

তবে বর্ষা মৌসুমে একসঙ্গে দুই দিবস উদযাপনের কারণে যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হন।

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত যুবমেলায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও বাণিজ্যিক সাড়া তুলনামূলক বেশি পাওয়া যায়। অন্য সময়ে এ ধরনের আয়োজন কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না। পাশাপাশি জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালিত হয়ে থাকে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত বাতিল করে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস পৃথকভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad