জুলাই শহীদদের স্মরণ ও জুলাইয়ের চেতনা ধারণ করে লেখা কবি ও গীতিকার জিয়া হকের ‘জুলাই’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী আবু উবায়দা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে শিল্পী আবু উবায়দার ফেসবুক পেজে গানটির ডেমো প্রকাশের পরপরই এটি নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে। শিল্পীর ফেসবুক ওয়াল থেকেই কয়েক ঘণ্টার মধ্যে গানটির ভিউ প্রায় ১০ লাখে পৌঁছে যায়।
গানটি প্রসঙ্গে শিল্পী আবু উবায়দা বলেন, ‘জুলাই সেই আগুন, সেই অস্থিরতা, সেই না বলা কথা, সেই চোখের ভাষা, যা সময় পেরিয়ে গেলেও মুছে যায় না। ভয়, সাহস, হারানো আশা আর ফিরে দাঁড়ানোর অনুভূতিগুলোকে একসঙ্গে ধারণ করার ছোট্ট একটি চেষ্টা এই গান।’
তিনি আরও বলেন, ‘আশা করি গানটি সব শ্রেণি-পেশার মানুষকে বিমোহিত করবে। জুলাইয়ের চেতনা ধারণে দারুণ সহায়ক হবে “জুলাই” গানটি।’
কবি জিয়া হক বলেন, ‘জুলাই গানটি শুনলে মনে হবে নিজের একান্ত মনের কথাই শুনেছেন। শ্রোতারা জুলাইয়ের চেতনা ধারণে বারবার গানটির কাছে ফিরে আসবেন। গানটি জুলাইয়ের একটি ঐতিহাসিক দলিল হিসেবে টিকে থাকবে বলে আমাদের বিশ্বাস।’
তিনি বলেন, ‘জুলাইয়ের ডেমো প্রকাশের পর হাজার হাজার টেক্সট পাচ্ছি। অনেক মানুষ আবেগতাড়িত হয়ে পড়ছেন। ভালো লাগা ও ভালোবাসার কথা জানাচ্ছেন। এটা অবশ্যই একজন লেখকের জন্য ভালো খবর।’
জিয়া হক জানান, গানটির কয়েকটি লাইন ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে বিশেষভাবে সাড়া ফেলেছে। এর মধ্যে রয়েছে—‘জুলাই আমার বুকের ভেতর ইনকিলাবের ফুল/ জুলাই আমার জিন্দাবাদের ইনসাফ দুলদুল/ জুলাই আমার নাম-পরিচয়—হুজুর হুজুর না না/ জুলাই আমার প্রতিবাদের প্রতিরোধের ডানা।’
এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে কবি জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, ‘মাহদির ঝংকার’ ও ‘কোটি হাদির ডাক’সহ একাধিক বিপ্লবী কবিতা ও গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কবিতা ও গানগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করে এবং সেসময় সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স