খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মোমিন শেখের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন ফখরুল। ঘটনার রাতে তিনি ইটভাটার ভেতরেই অবস্থান করছিলেন।
রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি তার ঘাড়ে লাগে। অপরটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বের হয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, নিহতের পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদনে ফখরুলের শরীরে দুটি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ শেখ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ