ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া এক ব্যক্তিকে মারধরের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের ওপর জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন ফাহাম। তিনি বলেছেন, জুলুম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইনসাফ কায়েমের মাধ্যমেই আওয়ামী লীগকে পরাস্ত করা সম্ভব।
শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে ফাহাম বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে একজন ফুল দিতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে তাকে চড়-থাপ্পড় দিচ্ছেন—এমন একটি বিষয় তিনি দেখেছেন। ঘটনাটি কতটা সত্য, তা তিনি নিশ্চিত নন বলেও উল্লেখ করেন। তবে তার ভাষ্য, হামলাকারীরা তাদের পক্ষের লোকজনই হওয়ার কথা।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার সময় এসেছে। দুই বছর হয়ে গেছে। কোনো ঘটনা ঘটলেই আওয়ামী লীগের কাউকে মারধর করার এই প্রবণতা বন্ধ করতে হবে। আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং এসব না করেই আওয়ামী লীগকে পরাস্ত করা সম্ভব।
ফাহাম আরও বলেন, কাউকে পিটিয়ে কখনো পরাস্ত করা যায় না। আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর অত্যাচার করেও তাদের থামাতে পারেনি। ফলে একই ধরনের নির্যাতন করে আওয়ামী লীগকে মোকাবিলা করার সক্ষমতা তাদের নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘জুলুম কোনো রাস্তা হতে পারে না।’ এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে পরাস্ত করা সম্ভব। অন্যদিকে জুলুম করা হলে আওয়ামী লীগের সমর্থকদের আরও প্রতিরোধী করে তোলা হবে।
ফাহাম বলেন, আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখানোর প্রয়োজন নেই। তবে কোনোভাবেই জুলুম গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষকে ধরে মারধর করাকে তিনি অত্যন্ত খারাপ কাজ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড তাদের হাস্যকর করে তুলছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার