বাংলাদেশের নাট্যাঙ্গনের নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনা জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ একক নাটক ‘বিষন্ন মেঘ’। দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’-এর বিশেষ প্রযোজনায় নির্মিত নাটকটির গল্প লিখেছেন ইফফাত আরেফীন তন্বি।
‘বিষন্ন মেঘ’-এর মধ্য দিয়ে প্রথমবার একই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম, জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবং এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর ও মিলি বাশার।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, চয়নিকা চৌধুরী নির্মাণে ২৫ বছর পূর্ণ করেছেন। তাঁর এই অর্জনের উদযাপনের অংশ হিসেবেই নির্মিত হয়েছে ‘বিষন্ন মেঘ’। গল্পটি সুন্দর এবং দর্শকদের নাটকটি ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইরফান সাজ্জাদ বলেন, একজন পরিচালক হিসেবে চয়নিকা চৌধুরীর ২৫ বছরের পথচলায় তিনি বেশ কিছু কাজ করছেন। দীর্ঘ ২৫ বছর মান ধরে রেখে কাজ করতে হলে মেধার প্রয়োজন। চয়নিকা চৌধুরীর কাজের নিজস্ব একটি শৈলী রয়েছে, যা সহজেই আলাদা করে চেনা যায়। ‘বিষন্ন মেঘ’ তাঁর পরিচিত ঘরানার মধ্যেও ভিন্নধর্মী একটি গল্প বলে উল্লেখ করেন তিনি।
সাদিয়া আয়মান বলেন, চয়নিকা চৌধুরী অত্যন্ত গোছানো একজন নির্মাতা। ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এবার প্রথমবার মম ও চয়নিকা চৌধুরীর সঙ্গে একসঙ্গে কাজ করায় নাটকটির সঙ্গে বিশেষ অনুভূতি জড়িয়ে আছে। রোমান্টিক গল্প নির্মাণে চয়নিকা চৌধুরীর জুড়ি নেই বলেও মন্তব্য করেন সাদিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’ সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে। পরে দর্শকরা ‘লেজার ভিশন’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও নাটকটি দেখতে পারবেন।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স