বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে জুমার নামাজ আদায় শেষে মির্জা ফখরুল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তিনি সুরা ফাতেহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
নির্বাচনে জাতীয় সংসদের ২৫৫টি ভোট পেয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন।

প্রথম দর্পণ,ডেস্ক