ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার, নভেম্বরে শুরু হতে পারে নির্বাচন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ আগস্ট) দুপুরে প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তখন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।
চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ভোট গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোটের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরবর্তী সময়ে কমিশনের পক্ষ থেকে জানানো হবে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)