আমানুর রহমান
প্রযুক্তির দ্রুত অগ্রগতি আর তাৎক্ষণিক ডিজিটাল যোগাযোগের ভিড়ে হারিয়ে যেতে বসেছে হাতে লেখা চিঠির চিরচেনা আবেগ। হলুদ খাম, ডাকপিয়নের সাইকেলের টুংটাং শব্দ, প্রিয়জনের হাতের লেখার উষ্ণতা কিংবা মনের না-বলা কথাগুলো কাগজে লিখে ফেলার প্রশান্তি—সবই যেন এখন স্মৃতির অংশ। চিঠির সেই হারানো আবেদন ও অনুভূতির কথাই তুলে ধরেছেন বিভিন্ন শিক্ষার্থী।
হলুদ খামের স্মৃতিঅন্তি বড়ুয়া
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
পুরোনো দিনের হলুদ খাম আর ডাকপিয়নের সাইকেলের টুংটাং শব্দ আজও মনে গভীর নস্টালজিয়া জাগায়। চিঠি শুধু এক টুকরো কাগজ ছিল না; এর সঙ্গে জড়িয়ে থাকত না-বলা কথা, দীর্ঘ অপেক্ষা এবং প্রিয়জনের স্পর্শমাখা আবেগ।
সন্তানের চিঠির অপেক্ষায় থাকা মায়ের উদ্বিগ্ন চোখ কিংবা ভালোবাসার মানুষের বার্তার আশায় প্রিয়জনের প্রহর গোনা—এসব ছিল একসময়কার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে চিঠি লেখার প্রয়োজন ও সুযোগ দুটিই প্রায় হারিয়ে গেছে।
এখন মুহূর্তেই দূরের মানুষের খবর পাওয়া যায়। কিন্তু এর সঙ্গে হারিয়ে যাচ্ছে হলুদ খামের সঙ্গে জড়িয়ে থাকা স্নিগ্ধ আবেগও। হয়তো আগামী প্রজন্ম চিঠির রোমান্টিকতা কিংবা চিঠি পাওয়ার সেই রোমাঞ্চকর অনুভূতির সঙ্গে পরিচিত হবে না। তবু স্মৃতির মণিকোঠায় বেঁচে থাকুক সেই সোনালি দিনগুলো। আমাদের শিকড় ও আবেগের অংশ হিসেবে চিঠির সংস্কৃতিকে নিজেদের মতো করে সংরক্ষণ করা প্রয়োজন।
চিঠিতে বাঁচুক স্মৃতিসোমনা আক্তার
শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার
পুরোনো কোনো চিঠি হাতে নিলে মনে হয়, মুহূর্তেই ফিরে গেছি বহু বছর আগের কোনো স্নিগ্ধ বিকেলে। কাগজের ভাঁজে থাকা প্রিয়জনের হাতের লেখা, কালির ছোপ কিংবা মলিন অক্ষর তখন আর শুধু শব্দ থাকে না; হয়ে ওঠে জীবন্ত স্মৃতি।
দ্রুতগতির ডিজিটাল যুগে চিঠির সেই আবেদন অনেকটাই বিলুপ্তপ্রায়। অথচ পরিবারের পুরোনো চিঠিগুলো নিছক কাগজ নয়। এগুলো একটি পরিবারের শিকড়, সম্পর্কের টানাপোড়েন, আনন্দ-বেদনা ও ভালোবাসার নীরব দলিল। দাদা-দাদি, বাবা-মা কিংবা দূরে থাকা স্বজনের লেখা চিঠি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অমূল্য স্মারক হয়ে উঠতে পারে।
তাই পুরোনো চিঠিগুলো আর্দ্রতামুক্ত স্থানে বা আলাদা খামে যত্ন করে রাখা দরকার। প্রয়োজনে এগুলোর ডিজিটাল কপিও সংরক্ষণ করা যেতে পারে।
তবে শুধু পুরোনো চিঠি আগলে রাখলেই হবে না, ফিরিয়ে আনতে হবে চিঠি লেখার অভ্যাসও। প্রযুক্তি যোগাযোগকে সহজ করেছে ঠিকই, কিন্তু চিঠির মতো অনুভূতির গভীরতা সেখানে সবসময় পাওয়া যায় না। হারিয়ে যাওয়ার আগেই তাই ফিরে আসুক চিঠি, বেঁচে থাকুক অমলিন স্মৃতির দিনগুলো।
হাতে লেখা আবেগশামা মেহজাবিন
শিক্ষার্থী, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী
ফেসবুক-মেসেঞ্জারের গতিময় যুগে চোখের পলকেই বার্তা আদান-প্রদান করা যায়। তবু হাতে লেখা চিঠির আবেদন এখনো অমলিন। প্রযুক্তির রঙিন পর্দায় গতি আছে, কিন্তু কাগজের স্পর্শ ও অনুভূতির উষ্ণতা নেই।
হাতে লেখা চিঠির প্রতিটি বর্ণে মিশে থাকে লেখকের আত্মিক উপস্থিতি। মানুষের হস্তাক্ষর আঙুলের ছাপের মতোই অনন্য; এর মধ্য দিয়ে প্রকাশ পায় লেখকের স্বতন্ত্র পরিচয়। ডিজিটাল যোগাযোগের সহজ সুযোগ থাকা সত্ত্বেও কেউ যখন পরম মমতায় হাতে চিঠি লিখে ডাকঘরে যান, সেই প্রচেষ্টার মধ্যেই লুকিয়ে থাকে গভীর আবেগ।
ডিজিটাল বার্তা হয়তো তথ্য পৌঁছে দেয়, কিন্তু চিঠি পৌঁছে দেয় একটি আস্ত হৃদয়। ফন্টের ভিড়ে হারিয়ে না যাওয়া অক্ষরের ভাঁজে জমে থাকা যত্ন ও অপেক্ষা কোনো প্রযুক্তি দিয়ে পুরোপুরি তৈরি করা সম্ভব নয়। তাই ফেসবুক-মেসেঞ্জারের যুগেও হাতে লেখা চিঠির কদর ফুরিয়ে যায়নি।
চিঠিতে মনের কথামুক্তা আক্তার
শিক্ষার্থী, নরসিংদী সরকারি মহিলা কলেজ, নরসিংদী
অনেক সময় মনের অব্যক্ত অনুভূতি মানসিক অস্থিরতার কারণ হয়ে ওঠে। হতাশা, ভয় কিংবা গভীর কষ্ট আপনজনদের কাছেও সবসময় প্রকাশ করা সম্ভব হয় না। এমন সময়ে কাগজ-কলমে নিজের না-বলা কথাগুলো লিখে ফেলা হতে পারে মনের ভার লাঘবের একটি সহজ মাধ্যম।
ডায়েরির পাতায় নিজের অনুভূতি লিখে রাখলে মনের অগোছালো চিন্তাগুলো গুছিয়ে নেওয়া সহজ হয়। একই সঙ্গে কোন বিষয়টি কষ্ট দিচ্ছে, কেন দিচ্ছে এবং কীভাবে তা সামাল দেওয়া সম্ভব—সেসব বিষয়ও নিজের কাছে স্পষ্ট হয়ে উঠতে পারে।
নিয়মিত লেখালেখির অভ্যাস আত্মবিশ্বাস ও আত্মসচেতনতা বাড়াতে সহায়তা করে। নেতিবাচক চিন্তা থেকে দূরে সরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেও এটি ভূমিকা রাখতে পারে। তাই ডিজিটাল যোগাযোগের পাশাপাশি কাগজ-কলমে নিজের অনুভূতি প্রকাশের অভ্যাসও ধরে রাখা যেতে পারে।
প্রযুক্তি যোগাযোগকে দ্রুত করেছে, কিন্তু চিঠির আবেগকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারেনি। একটি হাতে লেখা চিঠি তাই আজও কাগজের চেয়ে বেশি কিছু—এটি স্মৃতি, অনুভূতি, অপেক্ষা এবং মানুষের সঙ্গে মানুষের গভীর সংযোগের এক অনন্য দলিল।

প্রথম দর্পণ,ডেস্ক