বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি। আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়েও কাজ চলছে।
সারজিস আলম জানান, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।
এ ছাড়া পাঁচটি সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সারজিস আলম বলেন, দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নভেম্বরের মধ্যে ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। দেশের প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত দল-সমর্থিত প্রার্থী থাকবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স