প্রশাসনের আশ্বাসে ১৫ ঘণ্টা পর জামালপুরে বাস চলাচল স্বাভাবিক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ বিকাল
  • ৩৩৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে জামালপুর থেকে ঢাকা ও বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাস চলাচল শুরু হয়।

বাস ভাঙচুর, পরিবহন শ্রমিকদের মারধর এবং আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে বুধবার রাত থেকে অঘোষিত কর্মবিরতিতে যান পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে বৃহস্পতিবার সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। বৈঠকে পরিবহন সংশ্লিষ্টদের ১২টি দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে কর্মবিরতি প্রত্যাহার করে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের আশ্বাসের পর পরিবহন শ্রমিকরা বাস চলাচল স্বাভাবিক করতে সম্মত হয়েছেন।

দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন, পরে কর্মবিরতি

সোমবার রাতে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন।

এর পর বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের বেপরোয়া চলাচলের অভিযোগে দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধন চলাকালে রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

এর প্রতিবাদে এবং শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটসহ দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর বাস টার্মিনালে ভিড় করেন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে অনেকে সিএনজি, অটোরিকশাসহ ছোট যানবাহনে গন্তব্যে রওনা দেন। এতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়।

আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ

এদিকে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, মানববন্ধন চলাকালে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল আবিদ সৌরভ। অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, সভাপতি রফিকুল ইসলাম জসিম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৭০ জনের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারধরের অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় জড়িতদের বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে ভুক্তভোগীরা পরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

অভিযোগের বিষয়ে জানতে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএর পক্ষ থেকে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচনার পর তাঁরা আশ্বস্ত হয়ে বাস চলাচল স্বাভাবিক করার কথা জানিয়েছেন।

বাস চলাচল স্বাভাবিক হওয়ায় দূরপাল্লার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বাস ভাঙচুর, মানববন্ধনে হামলার অভিযোগ এবং নিরাপদ সড়কের দাবিকে ঘিরে জামালপুরে এখনও উত্তেজনা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad