বুধবার প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।
প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ এনেছে।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টরে আহতদের হাসপাতালে নিতে সহযোগিতা করার পাশাপাশি আন্দোলনরত ছাত্র-জনতার মধ্যে পানি ও বিস্কুট বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। সহপাঠী আন্দোলনকারীরা তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
একই দিন উত্তরা এলাকায় জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকারকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া এপিসির (সাঁজোয়া যান) পেছনের চাকায় পিষ্ট করে উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে হত্যার অভিযোগও আনা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।
শুনানি শেষে এসব অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স