জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নিজের দেওয়া আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, পাটওয়ারীর অশালীন ভাষার জবাব একই ধরনের ভাষায় দেওয়া তার ঠিক হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক পোস্টে নিজের আগের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে এ অবস্থান জানান রাশেদ খান।
তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ও কন্যা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ বিএনপি সরকারের মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তীর্যক ও অশ্রাব্য ভাষায় বক্তব্য দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে তিনি অসাবধানতাবশত একটি উদাহরণমূলক প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
রাশেদ খান বলেন, পাটওয়ারী তাকে নিয়েও অশ্রাব্য ভাষায় কথা বলায় বিষয়টি একপর্যায়ে ব্যক্তিগত ক্ষোভ ও তিক্ততায় রূপ নেয়। এ নিয়ে পরস্পরের বিরুদ্ধে আর কথা না বলার জন্য পাটওয়ারী তাকে ফোন করেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে কয়েক ঘণ্টা পর পাটওয়ারী সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন বলে অভিযোগ করেন রাশেদ।
পাটওয়ারীর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নিয়েও তার মন্তব্য সবার নজরে এসেছে।
তবে নিজের ব্যবহৃত ভাষার সমালোচনা করে রাশেদ বলেন, তার প্রতিক্রিয়া ‘টিট ফর ট্যাট’-এর মতো হলেও এ ধরনের ভাষা ব্যবহার করা ঠিক হয়নি। দেশ-বিদেশে থাকা তার অসংখ্য শুভাকাঙ্ক্ষীও তাকে বিষয়টি উপলব্ধি করিয়েছেন বলে জানান তিনি।
রাশেদ খান বলেন, ২০২৪-পরবর্তী রাজনীতির লক্ষ্য হওয়া উচিত দেশ গঠন, মানবিক মর্যাদা ও বৃহত্তর কল্যাণকে অগ্রাধিকার দেওয়া। তাই নিজের অবস্থান থেকে যে অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল হয়েছে, তা প্রত্যাহার করে ভবিষ্যতে নিজেকে সংশোধনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিসরে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীলতা ও পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতির সুযোগ তৈরি করা প্রয়োজন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক পথচলায় তিনি সবসময় সহনশীল থাকা ও ভাষা ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
রাশেদ খান বলেন, ঘৃণা ছড়িয়ে কোনো পক্ষই রাজনৈতিকভাবে লাভবান হবে না। বরং এতে বিরাজনীতিকরণের উদ্দেশ্যে থাকা গোষ্ঠীই লাভবান হবে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার