রায়গঞ্জে একই রাতে দুই বাড়ির ৬ গরু চুরি

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে গরু চুরি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামতৈল বাগিচা গোয়ালপাড়া এলাকায় নাকাটি বাজারের পাশে শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভী ও দুটি বকনা গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

শরিফুল ইসলাম জানান, রাতে গরুগুলো গোয়ালঘর থেকে বের করে নেওয়ার সময় তিনি টের পান। কিন্তু ঘরে শেকল দেওয়া থাকায় তাৎক্ষণিকভাবে বের হতে পারেননি। পরে বাইরে এসে দেখেন, চোরেরা গরুগুলো একটি গাড়িতে তুলছে। তার চিৎকারে তারা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে আদিত্য বাড়িয়া গ্রামের তরিফুল ইসলামের গোয়ালঘর থেকেও একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী চুরি হয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। সকালে বিষয়টি জানতে পেরে আশপাশে খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাননি বলে জানান তিনি।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad