মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটিতে অভিনয় নিয়ে শুরুতে বেশ উচ্ছ্বসিত ছিলেন সুমাইয়া শিমু। ৬ সেপ্টেম্বর উত্তরায় শুটিং বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার পর এক দিন শুটিংও করেন তিনি। এরপরই তাঁর চোখের সমস্যা বেড়ে যায়।
সুমাইয়া শিমু জানান, শুটিংয়ের প্রথম দিন থেকেই চোখে অস্বস্তি অনুভব করছিলেন। পরদিন চোখ ফুলে যায় এবং ব্যথা বাড়তে থাকে। একপর্যায়ে ডান চোখ পুরোপুরি লাল হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর জানা যায়, তাঁর চোখের কর্ণিয়ায় আঘাত লেগেছে।
চোখের সমস্যার কারণ সম্পর্কে শিমু বলেন, মেকআপ নেওয়ার সময় মাসকারার ব্রাশের খোঁচা তাঁর কর্ণিয়ায় লেগেছিল। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও পরে চোখে ব্যথা ও ফোলাভাব বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শে তাঁকে ১০ দিনের বেশি সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছে।
সোমবার প্রথম আলোকে সুমাইয়া শিমু বলেন, কাজটি নিয়ে তিনি বেশ আগ্রহী ছিলেন। সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি এক দিন শুটিংও করেছেন। কিন্তু চোখের সমস্যার কারণে শেষ পর্যন্ত কাজটি করা সম্ভব হয়নি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এবং চোখের ব্যথাও নেই বলে জানান তিনি।
শিমুর জায়গায় দীপাসুমাইয়ার শারীরিক অবস্থার বিষয়টি জানার পর তাঁর সঙ্গে আলোচনা করেই চরিত্র পরিবর্তনের সিদ্ধান্ত নেন পরিচালক মোস্তফা কামাল রাজ। এরপর ‘রুকাইয়া’ চরিত্রে নেওয়া হয় দীপা খন্দকারকে।
দীপা এর আগে থেকেই ধারাবাহিকটির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ‘মরিয়ম’ চরিত্রে অভিনয়ের কথা ছিল। পরে সেই চরিত্রে যুক্ত হয়েছেন রোজী সিদ্দিকী।
সুমাইয়া শিমু অভিনয় করতে না পারলেও ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এজাজুল ইসলাম, রাজুসহ অনেকে।
আগামী ৭ অক্টোবর থেকে ‘ফিরে আসার গল্প’ প্রচার হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স