ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটলেও দেশজুড়ে বৃষ্টি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ রাত
  • ৪৫৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শঙ্কা অনেকটাই কেটে গেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতেই উপকূল অতিক্রম করতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টায় গভীর নিম্নচাপটি ১৮ দশমিক ১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। একই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামী শুক্রবার বিকালের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টির প্রবণতা আরও কমে তাপমাত্রা বাড়তে পারে। এতে দেশজুড়ে আবার ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টির প্রবণতা বাড়ার কারণে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও প্রশমিত হয়েছে। সোমবার ২০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও মঙ্গলবার তা রংপুর, দিনাজপুর ও নীলফামারী এলাকায় সীমিত ছিল। আর বুধবার দেশের কোথাও তাপপ্রবাহ ছিল না।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি এবং ঢাকায় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। অন্যদিকে বুধবার রাজধানীতে বৃষ্টি না হলেও ভোলায় সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ২৬ ও ২৭ সেপ্টেম্বর দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার প্রবণতা থাকবে। ২৭ সেপ্টেম্বর রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, ঘূর্ণিঝড়ের শঙ্কা অনেকটাই কেটে গেছে। গভীর নিম্নচাপটি রাতেই উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এসময় রাজধানীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী শনিবার থেকে আবার বৃষ্টির প্রবণতা কমে দেশজুড়ে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম অনুভুত হতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad