পরিণীতি বলেন, একজন নারী নয় মাস সন্তানকে গর্ভে ধারণ করেন। এ সময় তাঁর শরীরে নানা ধরনের পরিবর্তন আসা স্বাভাবিক। সন্তান জন্মের পর শরীরে দাগ বা স্ট্রেচ মার্ক দেখা দিলে সেটিকে নেতিবাচকভাবে না দেখে মাতৃত্বের স্মারক হিসেবে দেখা উচিত।
অভিনেত্রীর ভাষ্য, একজন নারী নতুন একটি প্রাণের জন্ম দিয়েছেন। তাই সন্তান জন্মের পর তাঁর ওজন, শারীরিক গঠন কিংবা শরীরের অন্যান্য পরিবর্তন নিয়ে কটাক্ষ করা ঠিক নয়।
পরিণীতি বলেন, ‘যখন আমরা কোনো গর্ভবতী নারীকে দেখি, তখন আমাদের প্রথমেই তার সন্তান এবং ভালো থাকা নিয়ে কথা বলা উচিত। তার ওজন বা শারীরিক গঠন নিয়ে নয়।’
নারীর শরীর নিয়ে মন্তব্য করে তাঁদের সময় ও মানসিক শান্তি নষ্ট করার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তাঁর মতে, মা হওয়ার পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা অত্যন্ত স্বাভাবিক। ফলে ওজন বৃদ্ধি, স্ট্রেচ মার্ক কিংবা শরীরের অন্য কোনো পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করা অযৌক্তিক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে হওয়া আলোচনা প্রসঙ্গেও কথা বলেন পরিণীতি। তিনি জানান, সামাজিক মাধ্যমে খুব বেশি সময় কাটান না। ফলে তাঁকে নিয়ে কে কী লিখছেন, সে বিষয়ে তাঁর খুব একটা ধারণা থাকে না।
পরিণীতি আরও বলেন, কখনো এসব বিষয়ে জানতে পারলেও সেগুলোর প্রভাব নিজের ওপর পড়তে দেন না। তাঁর কাছে জীবন, পরিবার এবং কাছের মানুষরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপরিচিত মানুষের মতামত নিয়ে ভাবার মতো সময় তাঁর নেই।
তথ্যসূত্র: যুগান্তর

প্রথম দর্পণ,ডেস্ক