ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার টিগ্রেতে নিজ বাড়িতে ঘুমের মধ্যে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুর প্রায় দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার চিকিৎসায় অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।
সান ইসিদ্রোর আদালতে চলমান মামলায় এ পর্যন্ত ৭৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার শেষ পর্যায়ে আদালতের শেষ সাক্ষী হিসেবে বক্তব্য দেন ফরেনসিক চিকিৎসক পাবলো ফেরারি। তাঁর বক্তব্যেই ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের সম্ভাব্য সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
‘করোনা পরীক্ষা না করা বড় ভুল’স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ময়নাতদন্তের সময় ম্যারাডোনার করোনাভাইরাস পরীক্ষা না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ফেরারি। আদালতে তিনি বলেন, ম্যারাডোনা করোনাভাইরাসে মারা গিয়ে থাকতে পারেন—এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
ফরেনসিক বিশেষজ্ঞ ও শিশু চিকিৎসক ফেরারি ব্যাখ্যা করেন, করোনাভাইরাস শ্বাসনালির মাধ্যমে শরীরে প্রবেশ করে অল্প সময়ের মধ্যেই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটাতে পারে। এমনকি কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে মৃত্যুও ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন।
মৃত্যুর আগে কতক্ষণ যন্ত্রণায় ছিলেন ম্যারাডোনা?এর আগে আদালতে সাক্ষ্য দেওয়া কয়েকজন বিশেষজ্ঞ বলেছিলেন, মৃত্যুর আগে প্রায় ১২ ঘণ্টা ধরে যন্ত্রণায় ছিলেন ম্যারাডোনা। তবে এ বক্তব্যের সঙ্গে একমত নন ফেরারি। তাঁর মতে, মৃত্যুর আগে ম্যারাডোনার যন্ত্রণার সময়কাল কয়েক মিনিটের বেশি হওয়ার কথা নয়।
ফেরারির এই বক্তব্য ম্যারাডোনার প্রধান চিকিৎসক লিওপোলদো লুকের দেওয়া ব্যাখ্যাকেও সমর্থন করছে। লুকের দাবি ছিল, ম্যারাডোনার ফুসফুসে হঠাৎ তরল জমে তীব্র শ্বাসকষ্ট তৈরি হয়েছিল। এরপর কয়েক মিনিটের মধ্যেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
ছয় চিকিৎসকের বিরুদ্ধেও অভিযোগলুকের পাশাপাশি আরও ছয় চিকিৎসকের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে মৃত্যুর ঝুঁকি তৈরি করে সাধারণ হত্যাকাণ্ড’-এর অভিযোগ রয়েছে। অভিযুক্তরা হলেন মনোরোগ বিশেষজ্ঞ আগুস্তিনা কোসাচভ, ন্যান্সি ফরলিনি, কার্লোস দিয়াজ, মারিয়ানো পেরোনি, রিকার্দো আলমিরন ও পেদ্রো দি স্পাগনা।
আগামী ২৯ সেপ্টেম্বর মামলার কার্যক্রম আবার শুরু হওয়ার কথা রয়েছে। সেদিন আসামিরা বিচারকদের সামনে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। এরপর ৬ অক্টোবর থেকে চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হবে। চলতি মাসের শেষ নাগাদ মামলার আনুষ্ঠানিকতা শেষ করে রায় দেওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: গোল ডট কম ও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা

প্রথম দর্পণ,ডেস্ক