আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বাড়ানো, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। কংগ্রেসটি ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
ফৌজদারি কার্যবিধি সংস্কারের উদ্যোগআইনমন্ত্রী বলেন, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয় তুলে ধরে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
আবুধাবিতে আন্তর্জাতিক কংগ্রেসজাতিসংঘের এই কংগ্রেস পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয়। চলতি কংগ্রেসে বিভিন্ন দেশের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, বিচারক, প্রসিকিউটর, বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য—ডিজিটাল যুগে অপরাধ প্রতিরোধ, ফৌজদারি বিচার ও আইনের শাসন জোরদারের মাধ্যমে মানুষ ও পরিবেশ সুরক্ষা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন।
কংগ্রেসে সংগঠিত ও আন্তঃদেশীয় অপরাধ, সাইবার অপরাধ, মানবপাচার, মাদক, অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন, পরিবেশগত অপরাধ এবং বিচারব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মতো বিষয়গুলো আলোচনায় রয়েছে।
কংগ্রেসের উদ্বোধনী দিনে ‘আবুধাবি ঘোষণা’ গৃহীত হয়েছে। আগামী পাঁচ বছরে অপরাধ প্রতিরোধ, ফৌজদারি বিচার ও আইনের শাসনসংক্রান্ত আন্তর্জাতিক অগ্রাধিকার ও সহযোগিতার ক্ষেত্রে এ ঘোষণাকে গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক