মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, রোববার মহেশপুর উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর নিকটবর্তী গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালান।
তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে খোসালপুর বিওপির টহলদলের নজরে আসে। বিজিবির সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থান করছেন বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, তাদের সময়োপযোগী ও কঠোর অবস্থানের কারণে বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যায়। এ বিষয়ে এরইমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কাছে কড়া প্রতিবাদ ও আপত্তি জানানো হয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধ করতে এবং সীমান্ত এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে আসছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক