থানা সূত্রে জানা গেছে, নিয়মিত ওসি বদলি হওয়ার পর বার আউলিয়া হাইওয়ে থানায় নতুন করে কোনো কর্মকর্তা পদায়ন করা হয়নি। পরে উপপরিদর্শক (এসআই) মিল্টনকে দায়িত্ব দেওয়া হলেও তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। এ অবস্থায় সার্জেন্ট শামীম আলমই ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশটি শিল্প ও বাণিজ্যিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথে ভারী শিল্পকারখানা ও জাহাজভাঙা শিল্পের পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, বন্দরমুখী যানবাহন ছাড়াও প্রতিদিন অসংখ্য দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করে।
স্থানীয়দের অভিযোগ, যানবাহনের অতিরিক্ত গতি, ফিডার সড়ক থেকে হঠাৎ মহাসড়কে উঠে আসা এবং অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে এ অংশে দুর্ঘটনার ঝুঁকি সব সময়ই বেশি। এমন পরিস্থিতিতে থানায় পর্যাপ্ত জনবল না থাকায় মহাসড়কের নিরাপত্তা ও নজরদারি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এরই মধ্যে গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে যায়। পরে পাশের একটি গাছে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় চালকসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
থানায় নেতৃত্বের ঘাটতি দীর্ঘায়িত হলে নিয়মিত টহল ও আইন প্রয়োগ কার্যক্রম শিথিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পর্যাপ্ত জনবল এবং পূর্ণাঙ্গ ওসি পদায়নের দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফকরুল আলম বলেন, লোকবল সংকটের কারণে বার আউলিয়া হাইওয়ে থানায় বর্তমানে ওসি নেই। শিল্পাঞ্চল সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ এই থানায় দ্রুত ওসি পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক