এক যুগ ধরে সেতু ঝুঁকিপূর্ণ বাড়ছে প্রাণহানি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ সকাল
  • ২৫৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বামনের কুড়া নদীর ওপরের সেতুটি দীর্ঘ এক যুগ ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির মাঝখানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং গার্ডারহীন এই জরাজীর্ণ সেতুর ওপর দিয়েই বাধ্য হয়ে প্রতিদিন পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। এতে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সেতুটির ওপর দিয়ে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। রিকশা, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল আরোহীরা প্রায়ই এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই পথ দিয়ে যাতায়াত এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

ঝুঁকিপূর্ণ এই সেতুতে চলাচল করতে গিয়ে ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সম্প্রতি সেতুটির ওপর থেকে নিচে পড়ে মোনহরী (৭৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, বারবার তাগাদা দিলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

স্থানীয় ভুক্তভোগী শাহজাহান মিয়া জানান, ভাঙা এই সেতুটি প্রায় এক যুগ ধরে সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। মাঝে মাঝে মাপজোখ করা হলেও সংশ্লিষ্ট দপ্তরের আর কোনো খোঁজ থাকে না। আরেক স্থানীয় বাসিন্দা ভজনন্দ্র নাথ রায় বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে আমাদের বয়োজ্যেষ্ঠ মোনহরী সেতু থেকে পড়ে মারা গেছেন, তবুও নতুন সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না।

বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, এই ভাঙা সেতুটিতে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। প্রায় দেড় বছর আগে সেতুটির প্রাক্কলন (এস্টিমেট) তৈরি হলেও পুনর্নির্মাণের কাজ শুরু না হওয়ায় দুর্ভোগ আরো বাড়ছে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা এলজিইডির প্রকৌশলী মামুনুর রহমান জানান, সেতুটির প্রাথমিক ডিজাইন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং খুব দ্রুত কাজ শুরু হবে বলে তারা আশা করছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad