রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাত মোকাবিলায় তালগাছ রোপণের আহ্বান

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ দুপুর
  • ৪০১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাত মোকাবিলায় তালগাছ রোপণের আহ্বান

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

তাঁরা আরও বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং মহড়ার আয়োজন করা হলে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে।

সভাপতির বক্তব্যে ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ নিতে হবে। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বেশি বেশি তালগাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও তালগাছ রোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ, অগ্নিনিরাপত্তা এবং ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad