পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত সব ধরনের নতুন ও চলমান দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এ স্থগিতাদেশ প্রযোজ্য হবে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত সব ধরনের নতুন ও চলমান দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া বন্ধ থাকবে।
সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক