কানাডায় ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে জাল ভিসা দেওয়ার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাসান মুরাদ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৪ অক্টোবর রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সিআইডির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, পেশায় গাড়িচালক এক ব্যক্তি কানাডায় চাকরি নিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় প্রতারণার শিকার হন। দিদার শেখ নামে এক ব্যক্তি তাকে কানাডায় পাঠানো ও চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য ভিসা ও আনুষঙ্গিক খরচ বাবদ ১৮ লাখ টাকা দাবি করেন। কানাডায় যাওয়ার আশায় ভুক্তভোগী বিভিন্ন সময়ে তাকে পুরো টাকা দেন।
পরে তাকে কানাডার স্টিকার ভিসা লাগানো একটি পাসপোর্ট ও ইথিওপিয়ান এয়ারলাইনসের বিমানের টিকিট দেওয়া হয়। ২০২৪ সালের ১১ নভেম্বর রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে গেলে তার পাসপোর্টে থাকা কানাডার ভিসাটি জাল বলে শনাক্ত করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এরপর প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী।
মামলার তদন্তে এর আগে ২০২৫ সালের ২ নভেম্বর দিদার শেখ এবং ২০২৬ সালের ২৩ জানুয়ারি চক্রের আরেক সদস্য সোহেল রানাকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের পর দুজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসান মুরাদের সংশ্লিষ্টতা শনাক্তের পর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার হাসান মুরাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক