২৩ বছরেও শেষ হয়নি বালু নদের সেতু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ বিকাল
  • ৩১০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নির্মাণকাজ শুরুর ২৩ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর সেতু। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমানো এবং রাজধানীর সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ সহজ করতে গুরুত্বপূর্ণ এ সেতুর নির্মাণকাজ দুই দফা উদ্যোগের পরও শেষ হয়নি। এতে ভোগান্তিতে রয়েছেন রূপগঞ্জসহ আশপাশের এলাকার লাখো মানুষ।

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় বালু নদের ওপর সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০০৩ সালে। ৭৫ দশমিক ৩০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল ৫ কোটি ৮০ লাখ টাকা। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় এলাকাবাসী সভা-সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবু সেতুটি চালু হয়নি।

দুই দফা উদ্যোগেও শেষ হয়নি নির্মাণকাজ

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২০০১ সালে মাঝিনা-কায়েতপাড়া-ত্রিমোহনী সড়কের বালু নদের ওপর সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। নির্মাণকাজ পায় মেসার্স ইস্টার্ন ট্রেডার্স লিমিটেড। সওজের তত্ত্বাবধানে এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদ হোসেন জানান, ২০০৪-২০০৫ অর্থবছরে সেতু নির্মাণের জন্য মাত্র ৫০ লাখ টাকা উত্তোলন করা হয়েছিল। এরপর আর বরাদ্দ পাওয়া যায়নি। নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়াসহ বিভিন্ন প্রতিকূলতায় কাজ স্থবির হয়ে পড়ে।

পরে ২০২১ সালে অসমাপ্ত সেতুটির নির্মাণকাজ শেষ করতে দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়। এ সময় প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স সরদার এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগ (জেভি) কাজ পায়। ওই বছরের মে মাসে কাজ শুরুর কথা থাকলেও অজ্ঞাত কারণে তা আবার বন্ধ হয়ে যায়।

পড়ে আছে অসমাপ্ত অবকাঠামো

সরেজমিনে সেতুর নির্মাণস্থলে দেখা যায়, দুটি পিয়ার, পিয়ারের কলাম, ক্যাপ, এক পাশের উইংওয়াল ও অ্যাবাটমেন্টের দেয়াল নির্মিত হয়েছে। তবে সংযোগ সড়কের অবস্থা বেহাল। সড়কের সলিং করা ইট উঠে গেছে। ব্যবহৃত রডেও মরিচা ধরেছে।

এলাকাবাসীর অভিযোগ, সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে বিভিন্ন সময় কর্মসূচি পালন করেও কার্যকর অগ্রগতি দেখা যায়নি। ফলে রাজধানীতে যাতায়াত করতে অনেককে অতিরিক্ত ১২ থেকে ১৩ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে।

সংসদে দাবি, পরিদর্শনেও মেলেনি সমাধান

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু গত ১৬ এপ্রিল জাতীয় সংসদে সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানান। তিনি বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিশ্রুতির পর দরপত্রের মাধ্যমে ২০০৩ সালে কাজ শুরু হয়েছিল। কিন্তু একপর্যায়ে বিভিন্ন মহলের কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

দিপুর মতে, সেতুটি নির্মিত হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। রূপগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দূরত্ব ও রাজধানীর যানজট কমাতেও এটি ভূমিকা রাখবে।

চলতি বছরের ২৭ মার্চ সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নির্মাণকাজের সর্বশেষ পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বলেন, ঢাকার পূর্ব মাদারটেক ও সবুজবাগ হয়ে বালু নদের সেতু পার হয়ে সিলেট, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সহজে যাতায়াত করা সম্ভব হবে। এ কারণে সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এর নির্মাণকাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিগগির কাজ শুরুর আশা সওজের

নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, কায়েতপাড়া-নগরপাড়া এলাকার বালু নদের সেতুটি নির্মাণ করা জরুরি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে দুই দফা দরপত্র ও দীর্ঘ সময় পার হওয়ার পরও সেতুটি চালু না হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে হতাশা বাড়ছে। তাঁদের প্রত্যাশা, এবার দ্রুত নির্মাণকাজ শুরু করে সেতুটি চালুর উদ্যোগ নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad