সোহানের তাণ্ডবে ধূমকেতুকে হারিয়ে দুর্বারের নাটকীয় জয়
জিতলেই ফাইনাল নিশ্চিত—এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল ধূমকেতু। তবে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ের সামনে সেই সমীকরণ ভেঙে পড়ে। শেষদিকে দুর্দান্ত ইনিংস খেলে ধূমকেতুকে ২ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় দুর্বার।
শেষ দুই ওভারে জয়ের জন্য দুর্বারের প্রয়োজন ছিল ৩১ রান, হাতে ছিল তিন উইকেট। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেন নুরুল হাসান সোহান। ১৯তম ওভারে চারটি ছক্কায় ২৬ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ফলে শেষ ওভারে প্রয়োজন হয় মাত্র ৭ রান, যা তিন বলেই তুলে নেয় দুর্বার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধূমকেতু ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। অধিনায়ক লিটন দাস ৩৭ বলে ৪৩ রান করেন। সাইফ হাসান ২৮ ও শেখ মাহেদি ৩১ রানের কার্যকর ইনিংস খেলেন। দুর্বারের পক্ষে হাসান মাহমুদ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দুর্বার। একপর্যায়ে ৪৬ রানে ৪ উইকেট হারালেও সোহানের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। ৪৪ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল চারটি চার ও ছয়টি ছক্কা। সাইফউদ্দিন করেন ১৯ রান।
ধূমকেতুর হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শেখ মাহেদি। তিনি ১১ রানে ৪ উইকেট নেন। রিশাদ হোসেন নেন একটি উইকেট।

প্রথম দর্পণ,ডেস্ক