রূপগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন, শোভাযাত্রা ও নানা কর্মসূচি অনুষ্ঠিত
“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন হয় মঙ্গলবার (১৯ মে) দুপুরে।
উদ্বোধনী দিনে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমানসহ ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে হয়রানিমুক্ত, দ্রুতগতির এবং শতভাগ ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেওয়া। একই সঙ্গে জনগণের মধ্যে ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকরা আরও জানান, সারাদেশের মতো রূপগঞ্জেও তিন দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ভূমি অফিস ও আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বিশেষ বুথ স্থাপন করে সেবা প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক