দক্ষিণ ইরানে মার্কিন হামলা, বন্দর আব্বাসসহ উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ মে ২০২৬, ০২:১৯ দুপুর
  • ২১৪৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দক্ষিণ ইরানে মার্কিন হামলা, বন্দর আব্বাসসহ উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ

দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসসহ উপসাগরীয় উপকূলবর্তী কয়েকটি এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ‘আত্মরক্ষার্থে’ ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

সোমবার (২৫ মে) গভীর রাতে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়, ইরানের আধা-সরকারি ফার্স নিউজ জানিয়েছে, বন্দর আব্বাসের স্থানীয় বাসিন্দারা কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ফার্স নিউজ আরও জানায়, একই সময়ে উপসাগরসংলগ্ন দক্ষিণাঞ্চলীয় সিরিক ও জাস্ক এলাকার আশপাশেও বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ফক্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, “ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে।”

তিনি জানান, হামলার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং মাইন পেতে রাখার কাজে ব্যবহৃত নৌযান। চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে হামলায় ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা ব্যবহৃত সামরিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সেন্টকমের কাছে আরও তথ্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad