লীগ তাড়িয়েছি মৃত্যুর ঝুঁকি নিয়ে, আসল সংকটে এখন জুলাই প্রজন্ম’— মাহফুজ আলম

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ০১ জুন ২০২৬, ০৯:০৬ রাত
  • ২৬৯৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

‘লীগ তাড়িয়েছি মৃত্যুর ঝুঁকি নিয়ে, আসল সংকটে এখন জুলাই প্রজন্ম’— মাহফুজ আলম

ঢাকা, ১ জুন: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি মনে করেন, আওয়ামী লীগকে ঘিরে বর্তমান রাজনৈতিক আলোচনা মূলত দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তির নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ।

সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, “লীগ প্রশ্নে এখন যা চলছে, তা হচ্ছে দুই বড় দলের ইনসিকিউরিটি। ‘কৌন বনেগা লীগকা বাপ’— এই প্রতিযোগিতা চলছে। ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক স্মৃতি বিএনপি এখনো ভুলতে পারেনি। অন্যদিকে জামায়াত আদর্শিক শত্রুতা ও অতীতের সহিংসতার অভিজ্ঞতা থেকে উদ্বিগ্ন, যার শিকড় নব্বইয়ের দশকে বিএনপি-আওয়ামী লীগের যৌথ রাজনৈতিক আক্রমণের স্মৃতিতে নিহিত।”

ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আগামীতে বিএনপি (আল্লাহ না করুক) ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্রের কথা বলবে, আর জামায়াত নীরব অবস্থান নেবে। কিন্তু প্রকৃত সংকটে পড়বে সেই প্রজন্ম, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। জামায়াতের জোট রাজনীতিতে যুক্ত হওয়ায় সেই ঝুঁকি আরও বেড়েছে।”

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, “দুঃখজনকভাবে এ প্রজন্ম নিজেদের হাতের তালুর চেয়েও ছোট একটি রুটি ভাগাভাগি নিয়েই ব্যস্ত। অথচ রুটিটা বড় করার সক্ষমতা তাদের আছে। তারা শুধু জাতিকেই নয়, পুরো গ্লোবাল সাউথকেও নেতৃত্ব দিতে পারে। যার যার রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শিক অবস্থান থেকে সংগঠিত হোন, প্রতিষ্ঠান গড়ে তুলুন, স্বচ্ছল হোন এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করুন।”

তিনি আরও বলেন, “শুধু রাজনীতিতে নয়, সমাজের সর্বস্তরে দীর্ঘমেয়াদি লড়াই ও সংহতির ভিত্তি তৈরি করতে হবে।”

প্রবীণ রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে মাহফুজ আলম লিখেছেন, “বড়দের আসকারা ও উসকানিতে অনেক শক্তির অপচয় হয়েছে। বড়রা এই প্রজন্মকে হাটে তুলে বিক্রি করে দিয়েছে। সত্তর ও নব্বইয়ের দশকেও একইভাবে তরুণদের ব্যবহার করা হয়েছিল।”

তিনি বলেন, “এই লড়াই মূলত প্রজন্মের লড়াই। আগের প্রজন্ম আপনাদের রক্ষা করবে না— এই বাস্তবতা মাথায় রেখেই কৌশল নির্ধারণ করতে হবে। মতাদর্শগত বিতর্ক থাকবে, কিন্তু ব্যক্তি আক্রমণ ও বিদ্বেষচর্চা বন্ধ করতে হবে। আমাদের কেন্দ্রবিন্দু হওয়া উচিত জুলাই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম।”

পোস্টের শেষাংশে মাহফুজ আলম লেখেন, “আমরা নিশ্চিত মৃত্যুর ঝুঁকি জেনেও ফ্যাসিস্ট লীগকে ক্ষমতা থেকে সরিয়েছি। সেই সাহসের সঙ্গে এখন সাংগঠনিক শক্তি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা যুক্ত করতে হবে। যাতে কোনো রূপেই ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে।”




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad