আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানের জানাজায় জনস্রোত, বিএনপি নেতাদেরও সরব উপস্থিতি

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ০৮ জুন ২০২৬, ০৪:৩৮ দুপুর
  • ২৯৫৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান এবং তাঁর বোনের জানাজায় দলমত নির্বিশেষে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে জানাজাস্থল পরিণত হয় জনসমুদ্রে।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকায় নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জানাজায় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন শ্রীপুর পৌরসভার দায়িত্ব পালন করা আনিছুর রহমানের স্মরণে শহরের কেন্দ্রস্থলে বা তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের মাঠেও একটি জানাজার আয়োজন করা হলে আরও বেশি মানুষ অংশ নেওয়ার সুযোগ পেতেন।

তবে জানাজার দিন শ্রীপুর পৌরসভা কার্যালয়ে সাবেক মেয়রের মৃত্যু উপলক্ষে কোনো শোকবার্তা বা ব্যানার দেখা যায়নি। পৌরসভার স্বাভাবিক কার্যক্রমও চলতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা অভিযোগ করেন, জানাজাস্থলে যাওয়ার বিভিন্ন সড়কে পুলিশের উপস্থিতি থাকায় অনেক পরিচিত নেতাকর্মী গ্রেপ্তারের আশঙ্কায় সেখানে যেতে পারেননি। তবে তারা এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলাম বলেন, সাবেক জনপ্রতিনিধির জানাজায় বিপুল মানুষের সমাগম হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করেছে। এ উপলক্ষে কাউকে আটক বা হয়রানির কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, আনিছুর রহমান ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন এবং ১৯৯১ সালে শ্রীপুর কলেজের ভিপি নির্বাচিত হন। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম মেয়র নির্বাচিত হন এবং টানা পাঁচ মেয়াদে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দেশের ৩২৩টি পৌরসভার মেয়রদের অপসারণ করলে আনিছুর রহমানও পদ হারান। এরপর তিনি রাজধানীসহ বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার (৭ জুন) তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শ্রীপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad