ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা অর্থ মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা করেন।
ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী জানান, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা এ স্মারকলিপি প্রদান করছেন।
এর আগে, ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস ২৪ মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তবে ওই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি ও তৎকালীন সময়ে নিয়োগ পাওয়া আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেন।
নতুন চেয়ারম্যান নিয়োগের পর থেকেই একাংশ গ্রাহক ও শেয়ারহোল্ডার বিভিন্ন ব্যানারে এর বিরোধিতা করে কর্মসূচি পালন করে আসছেন। সচেতন গ্রাহক ফোরাম গত ১ জুন থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এদিকে চলমান পরিস্থিতির কারণে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জানা গেছে, ১ থেকে ৭ জুন পর্যন্ত আমানতকারীরা প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা উত্তোলন করেছেন। এর ফলে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতে সমস্যায় পড়েছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।
সূত্র আরও জানায়, তারল্য পরিস্থিতি সামাল দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক