রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে জানানো হয়েছে, এবারের আসরে অংশগ্রহণের দিক থেকে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, এই আয়োজনে প্রায় ২২ লাখ শিক্ষার্থী—যার মধ্যে ১১ লাখ বালক ও ১১ লাখ বালিকা—অংশ নেয়।
তিনি বলেন, টুর্নামেন্টের মাধ্যমে ১ লাখ ২৩ হাজারেরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ক্রীড়া আয়োজন হিসেবে দাঁড় করিয়েছে।
মাহদী আমিন আরও বলেন, “এই আয়োজনকে যথাযথভাবে উপস্থাপন করতে পারলে আমরা বলতে পারব, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি একটি রেকর্ড গড়া উদ্যোগ।”
তিনি উল্লেখ করেন, সরকারের লক্ষ্য শুধু শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
তার ভাষায়, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই বিজয়ী, কারণ এটি প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণ ও অভিজ্ঞতারও উৎসব।
শেষে তিনি আশা প্রকাশ করেন, এই খুদে খেলোয়াড়রাই আগামী দিনে দেশের উন্নয়ন ও সুন্দর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক