বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের পাশাপাশি প্রিয় দলের জার্সি পরে উৎসবে শামিল হন অনেকেই।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার জানিয়েছেন, বিশ্বকাপে তার সমর্থন আর্জেন্টিনা বা ব্রাজিলের নয়; বরং তিনি সমর্থন করেন পর্তুগালকে। একই সঙ্গে তার সবচেয়ে প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি এটিও স্বীকার করেছেন যে, লিওনেল মেসির খেলাও তার ভীষণ ভালো লাগে।
ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ফুটবলের প্রতি তার ভালোবাসা বহুদিনের। তিনি জানান, রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ গ্যালারিতে বসে উপভোগ করার সুযোগ হয়েছিল তার। তবে এবারের বিশ্বকাপে মাঠে গিয়ে খেলা দেখা হয়নি।
জয়া বলেন, চারপাশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের আধিপত্য থাকলেও তিনি বরাবরই পর্তুগালের সমর্থক। আর প্রিয় ফুটবলার হিসেবে রোনালদোর নাম উচ্চারণ করেন হাসিমুখেই।
সাক্ষাৎকারে ফুটবলের পাশাপাশি উঠে আসে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা প্রসঙ্গ। আগামী ১ জুলাই তার জন্মদিন। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, জন্মদিন জাঁকজমক করে উদযাপনের অভ্যাস তার নেই। তবে পরিবার, বন্ধু ও ভক্তদের ভালোবাসায় দিনটি বিশেষ হয়ে ওঠে। ছোটবেলায় প্রজাপতির পোশাক পরে জন্মদিন উদযাপনের স্মৃতিও স্মরণ করেন তিনি। যদিও এখন সে ধরনের আয়োজন করতে কিছুটা সংকোচ বোধ করেন বলে জানান।
এদিকে, চলতি জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। পরিচালক কৌশিক গাঙ্গুলী নির্মিত আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর সফলতার তিন বছর পর আসছে এর নতুন কিস্তি। জয়া বলেন, সফল একটি সিনেমার সিক্যুয়েল নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক বেশি থাকে, তাই কিছুটা চাপ থাকলেও তিনি আশাবাদী— নতুন ছবিটিও দর্শকদের ভালো লাগবে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স