বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই বছরেরও বেশি সময়ের প্রেমের সম্পর্কের পর মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে নবদম্পতি আইনি প্রক্রিয়াও সম্পন্ন করেন এবং বিবাহ নিবন্ধনের প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করা হয়। ছবির সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়, ‘ভালোবাসা, হাসি আর স্মরণীয় মুহূর্তের উদযাপন—উষ্ণতা ও আনন্দে ভরা এক বিশেষ আয়োজনের সাক্ষী হোন।’
এর আগে গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের পরিকল্পনার কথা প্রকাশ করেন। তিনি জানান, প্রায় ২৫ বছর ধরে তাদের পরিচয় থাকলেও প্রেমের সম্পর্ক শুরু হয় মাত্র দুই বছর আগে।
বিয়ের অনুষ্ঠানে আমির খানের তিন সন্তান এবং গৌরী স্প্র্যাটের ছেলেও উপস্থিত ছিলেন। এছাড়া দেশ-বিদেশ থেকে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনসহ প্রায় ১৫০ অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
ব্যক্তিগত জীবনে আমির খান প্রথমে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনাইদ ও ইরা খান। পরবর্তীতে ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন।
অন্যদিকে, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং রিতা স্প্র্যাটের কন্যা। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে পড়াশোনা করেছেন। বর্তমানে মুম্বাইয়ে একটি বিউটি সেলুন পরিচালনা করছেন।
এই বিয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স