দেশজুড়ে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে সরাসরি হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে মোট ১২ হাজার ৭৯১ জনের হাম নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৬ হাজার ৬২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের জ্বর, শরীরে র্যাশ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক