ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর পর্ব শেষ হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দলের লাইনআপ। নকআউট পর্বের রোমাঞ্চকর লড়াই পেরিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড।
অন্যদিকে শিরোপার স্বপ্ন শেষ হয়েছে স্বাগতিক তিন দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর। বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে, মিসর ও কলম্বিয়াও।
কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে ১০ জুলাই (বাংলাদেশ সময়) রাত ২টায়। বোস্টন স্টেডিয়ামে প্রথম ম্যাচে দুইবারের রানার্সআপ ফ্রান্সের মুখোমুখি হবে এবারের অন্যতম চমক মরক্কো।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই রাত ১টায়। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম সেমিফাইনালের টিকিটের জন্য লড়বে।
১২ জুলাই রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। একই দিন বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড।
চারটি ম্যাচের বিজয়ী দলগুলো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে।
কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময়)
১০ জুলাই, রাত ২:০০টা — ফ্রান্স বনাম মরক্কো (বোস্টন স্টেডিয়াম)
১১ জুলাই, রাত ১:০০টা — স্পেন বনাম বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
১২ জুলাই, রাত ৩:০০টা — নরওয়ে বনাম ইংল্যান্ড (মায়ামি স্টেডিয়াম)
১২ জুলাই, সকাল ৭:০০টা — আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (কানসাস সিটি স্টেডিয়াম)

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স