সুইজারল্যান্ডের বিপক্ষে স্কালোনির ভরসা ‘জয়ী’ একাদশ, শেষ মুহূর্তে দুই পজিশনে দোলাচল

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৬, ০২:১৫ দুপুর
  • ১৭২২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে মিসরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর এবার কোয়ার্টার ফাইনালের মঞ্চে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি তার পরীক্ষিত ও সফল একাদশের ওপরই আস্থা রাখছেন। বড় ধরনের পরিবর্তনের বদলে মাত্র এক বা দুটি পজিশনে রদবদলের সম্ভাবনা রয়েছে।

মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ ১২ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। দারুণ এই জয় সত্ত্বেও ম্যাচে সুযোগ নষ্ট এবং রক্ষণভাগের কিছু ভুল নিয়ে সন্তুষ্ট নন স্কালোনি। কোচিং স্টাফ ইতোমধ্যে এসব দুর্বলতা কাটিয়ে উঠতে অনুশীলনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তবে এসব সীমাবদ্ধতার কারণে পুরো একাদশে পরিবর্তন আনার পরিকল্পনা নেই স্কালোনির। ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্টিয়েল—এই একটি জায়গায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের পরিবর্তে লাউতারো মার্তিনেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে কি না, সেটিও বিবেচনায় রয়েছে।

মিসরের বিপক্ষে বদলি হিসেবে নেমে মন্টিয়েল ও লাউতারো দুজনই কার্যকর ভূমিকা রাখেন। বিশেষ করে লাউতারো মার্তিনেজ আক্রমণে নতুন গতি এনে দেওয়ার পাশাপাশি জয়সূচক তৃতীয় গোলের পেছনে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন। ফলে কোয়ার্টার ফাইনালে তাদের একজন কিংবা দুজনই মূল একাদশে সুযোগ পেতে পারেন।

ম্যাচের আগে শেষ দুটি অনুশীলনে বিভিন্ন কৌশল ও কম্বিনেশন পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে। তবে সবকিছু স্বাভাবিক থাকলে আগের ম্যাচের মূল কাঠামো অক্ষুণ্ন রেখেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা/গনসালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাউতারো।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad