বন্যা-দুর্যোগে এইচএসসি পরীক্ষা স্থগিতের জোর দাবি জাতীয় ছাত্রশক্তির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, ০৮:০৭ রাত
  • ২৪৫৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সারা দেশে এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছে।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এ দাবি জানান। বিবৃতিতে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক পরীক্ষাকেন্দ্র বন্যার পানিতে প্লাবিত হয়েছে, আবার কোথাও কোথাও কেন্দ্রগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে বুকসমান পানি ও তীব্র স্রোত পেরিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়েছে।

সংগঠনটির দাবি, একদিকে যখন বন্যাজনিত দুর্ঘটনায় প্রাণহানির খবর আসছে, অন্যদিকে বহু শিক্ষার্থীর ঘরবাড়ি, বই-খাতা পানিতে নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তাদের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া বাস্তবসম্মত নয়। এছাড়া গ্রামীণ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যা মেধা মূল্যায়নে বৈষম্য সৃষ্টি করতে পারে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তা, সমান সুযোগ এবং মানবিক দিককে অগ্রাধিকার দিয়ে সারা দেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা অবিলম্বে স্থগিতের আহ্বান জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad