বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই উত্তাপ ছড়িয়েছে কথার লড়াইয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কড়া সমালোচনা করেছেন স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। তার অভিযোগ, আর্জেন্টিনা ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের ওপর অতিরিক্ত শারীরিক চাপ সৃষ্টি করে এবং ‘গায়ে দাগ বসিয়ে’ দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামে।
আজ নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যারা প্রতিপক্ষের গায়ে দাগ বসিয়ে দিতে পছন্দ করে। ফুটবলে, বিশেষ করে বড় টুর্নামেন্টে, এমন কিছুর কোনো স্থান থাকা উচিত নয়।’
নিজের বক্তব্যের পক্ষে তিনি ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনালের উদাহরণ টানেন। ২-১ গোলের সেই ম্যাচে আর্জেন্টিনা মোট ১৫টি ফাউল করে। ম্যাচের শুরুতেই এনজো ফার্নান্দেসের শক্ত ট্যাকলে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন মাটিতে পড়ে গেলেও রেফারি কোনো কার্ড দেখাননি। শেষদিকে লিওনেল মেসির একটি চ্যালেঞ্জে স্পেন্স পড়ে গেলেও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনার জয়সূচক গোল বহাল রাখেন।
লাপোর্তের ভাষ্য, ‘এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা রেফারির দায়িত্ব। একজন বা দুজন খেলোয়াড়কে এভাবে খেলতে দিলে ম্যাচ বিশৃঙ্খল হয়ে পড়ে।’ তবে তিনি স্পষ্ট করেছেন, নিয়মের মধ্যে থাকা শারীরিক ফুটবলের বিরুদ্ধে তার কোনো আপত্তি নেই। তার মতে, ‘বৈধ শারীরিক লড়াই ফুটবলেরই অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে, কিছু ঘটনা উপেক্ষা করা হয়েছে, যা আমাকে বিস্মিত করেছে।’
অন্যদিকে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন। আর্জেন্টিনার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘তারা কোপা আমেরিকা ও বিশ্বের বর্তমান চ্যাম্পিয়ন। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি বিশ্বাস করি, ফাইনালে দুই দলের প্রতিভা ও ভালো ফুটবলই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে।’
স্পেন অধিনায়ক রদ্রিও সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ম্যাচে যা-ই ঘটুক, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। আমাদের নিজেদের খেলায় মনোযোগ ধরে রাখতে হবে।’
বিশ্বকাপ ফাইনালের আগে লাপোর্তের এমন মন্তব্য দুই দলের দ্বৈরথে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, মাঠের উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে কথার যুদ্ধ কতটা প্রভাব ফেলে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স