আট মাসেও মেলেনি তৃপ্তির খোঁজ, নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে মায়ের আকুতি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, ০৩:৫৫ দুপুর
  • ১৫০৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

লক্ষ্মীপুর সদর উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর আট মাস ধরে নিখোঁজ রয়েছেন সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামে এক কিশোরী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করতে পারেনি পুলিশ।

নিখোঁজ তৃপ্তি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজিবাড়ির বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৯ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে তৃপ্তির মা রহিমা বেগম চিকিৎসার জন্য ঢাকায় যান। সেদিন বিকেলে তিনি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে জানতে পারেন, তৃপ্তি বাড়ি থেকে পাশের কালিবাজারে গেছেন। কিন্তু এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় আত্মীয়-স্বজনের সহযোগিতায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

পরে ২০২৫ সালের ৬ ডিসেম্বর রহিমা বেগম লক্ষ্মীপুর সদর মডেল থানায় মেয়ের নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে আট মাস পেরিয়ে গেলেও এখনো তৃপ্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ তৃপ্তির মা রহিমা বেগম বলেন, “তৃপ্তি আমার ছোট মেয়ে। আট মাস ধরে তাকে খুঁজে পাচ্ছি না। পুলিশও এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেনি। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে দ্রুত খুঁজে বের করার অনুরোধ জানাই।”

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক বলেন, তৃপ্তি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে, কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নিখোঁজ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা এবং লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরিবারের দাবি, দ্রুত কার্যকর তদন্তের মাধ্যমে তৃপ্তিকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি উদ্যোগ প্রয়োজন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad