গভীর নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিনের ভারী বৃষ্টির শঙ্কা, কোন দিন থেকে কোথায় বেশি বর্ষণ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, ১১:১১ রাত
  • ১৩৮২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ জুলাই) প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সন্ধ্যা ৬টায় গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূল এলাকায় অবস্থান করছিল। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গভীর নিম্নচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনেক এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তৃতীয় দিনে দেশের আট বিভাগেই বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। আর চতুর্থ ও পঞ্চম দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিনে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তৃতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এরপর চতুর্থ দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও পঞ্চম দিনে তা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad