বুধবার সকাল সাড়ে ৫টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ ওয়ান পলিমার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন ময়মনসিংহের নান্দাইল থানার জব্বার আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। নতুনবাজার এলাকার সানোফি অ্যাভেন্টিস নামের একটি ওষুধ কারখানার ক্যানটিনে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার থেকে একটি ইজিবাইকে ওঠেন জয়নাল। ইজিবাইকটি দ্রুতগতিতে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুটি কুকুর সামনে চলে আসে। কুকুর দুটিকে বাঁচাতে চালক আকস্মিকভাবে ব্রেক করলে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
এ সময় সামনের সিটে থাকা জয়নাল অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জালাল উদ্দিন (৬০)সহ আরও দুই যাত্রী আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহমুদ ইকবাল হাফিজ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জয়নালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)