প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু) যে কোনো কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে অথবা দায়িত্ব ছাড়ার পর তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, সেক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হলে প্রচলিত বিধিমালা অনুযায়ী সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় অপরাধ। তাই ওই নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ মামলার বিচারকাজে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়ার কারণ নেই।
বাংলাদেশের ব্রিকস সদস্যপদ নিয়ে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকসের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।
এ সময় তিনি আরও জানান, দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক