অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আশাবাদী বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে সতীর্থ নাহিদ রানা আসন্ন অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও খুব শিগগিরই তাকে নিয়ে আবার মাঠে নামতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
শনিবার অস্ট্রেলিয়ায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তাসকিন লেখেন, “আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব।”
পোস্টে চিকিৎসাসেবার জন্য চিকিৎসক ড. ড্রর মাওরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাসকিন। একই সঙ্গে চিকিৎসা ও অন্যান্য সহযোগিতার জন্য অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি বাবুকেও ধন্যবাদ জানান তিনি।
বর্তমানে তাসকিন আহমেদ ও নাহিদ রানা দুজনই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তবে ইনজুরির কারণে নাহিদ রানা বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। অন্যদিকে তাসকিন চিকিৎসক ও ফিজিওদের নিবিড় তত্ত্বাবধানে থেকে দ্রুত ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরই মধ্যে শুক্রবার রাতে ১৭ সদস্যের প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল।
এমন সময়ে তাসকিনের ইতিবাচক বার্তা বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স