রংপুরের তারাগঞ্জ উপজেলার বটতলী দাখিল মাদরাসায় ১৪ জন শিক্ষক ও তিনজন কর্মচারী দায়িত্ব পালন করছেন। অথচ এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছে মাত্র পাঁচজন শিক্ষার্থী। দুঃখজনকভাবে ওই পাঁচ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।
সোমবার প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
মাদরাসা সূত্রে জানা যায়, বটতলী দাখিল মাদরাসায় বর্তমানে ১৪ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন। এত শিক্ষক-কর্মচারী থাকার পরও পরীক্ষার্থীর সংখ্যা মাত্র পাঁচজন হওয়া এবং অংশ নেওয়া সব শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদান ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে মাদরাসার সুপার ফেরদৌস আলী মোবাইল ফোনে বলেন, ‘এমন ফলাফল প্রত্যাশা করিনি।’
তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুর ইসলাম মাদরাসাটির ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ, পাঠদানের মান ও শিক্ষার্থী সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স