আসামি নিয়ে ফেরার পথে পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ বিকাল
  • ৭১৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মাদারীপুরে মারামারি মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে পুলিশের পিকআপ ভ্যান উল্টে আব্দুস সালাম (৫১) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এক উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য ও চার পথচারী আহত হয়েছেন। আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে মারামারি মামলার চার আসামি—রজ্জব, জহিরুল ইসলাম, মিজান ও আব্বাসকে গ্রেপ্তার করে শিবচর থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। পিকআপটি মঠেরবাজার এলাকায় পৌঁছালে ইমা আক্তার নামে একটি শিশু হঠাৎ সড়কে দৌড়ে আসে। শিশুটিকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই কনস্টেবল আব্দুস সালাম নিহত হন। আহত হন ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), শামীম মিয়া (৩৪), হাসান হোসেন (২৫) ও শরীফুল ইসলাম (৩২)। এ ছাড়া চার পথচারীও আহত হন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর আড়াই শ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, আসামিদের নিয়ে ফেরার পথে একটি শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad