ফাগুন অডিও ভিশন জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ধারণ করা ‘ইত্যাদি’র জনপ্রিয় পর্বগুলোর নির্বাচিত অংশ নিয়ে এবারের সংকলিত পর্ব সাজানো হয়েছে। এতে বিশেষ গুরুত্ব পেয়েছে ২০১৯ সালের নভেম্বরে বান্দরবানের নীলাচলের টাইগার পাহাড়ে ধারণ করা ‘ইত্যাদি’র পর্বের উল্লেখযোগ্য অংশ।
বান্দরবানের পাহাড়, ঝরনা, নদী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতিকে ঘিরে ওই পর্বের বর্ণিল আয়োজন করা হয়েছিল। এবারের সংকলিত পর্বে সেখানকার সেরা কিছু দৃশ্যও থাকছে।
দুই বরেণ্য অভিনেতার শেষ অভিনয়এ পর্বের অন্যতম আবেগঘন আকর্ষণ প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও প্রয়াত মাসুদ আলী খানের শেষ অভিনয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বান্দরবান পর্বের একটি নাট্যাংশের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরেছিলেন এ টি এম শামসুজ্জামান। এতে তাঁর সহশিল্পী ছিলেন মাসুদ আলী খান। এটিই ছিল দুই কিংবদন্তি অভিনেতার জীবনের শেষ অভিনয়।
অনুষ্ঠানে বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনকেন্দ্রিক একটি তথ্যভিত্তিক প্রতিবেদন থাকছে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর চঞ্চল কান্তি চাকমার নিজ উদ্যোগে বয়স্ক ভাতা চালুর মানবিক উদ্যোগ এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের শিক্ষামূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে।
বিশ্বের সমুদ্রসৈকতগুলোর পরিবেশ রক্ষায় সচেতনতামূলক একটি বিশেষ প্রতিবেদনও থাকবে এবারের আয়োজনে।
বিশেষ গানে অংশ নেবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও মান মানসিং। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুরে এবং মেহেদীর সংগীতায়োজনে তৈরি গানটিতে দুই ভাষার ব্যবহার করা হয়েছে। বান্দরবানের ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত বিশেষ গানের সঙ্গে শতাধিক নৃত্যশিল্পীর দলীয় নৃত্যও থাকছে।
প্রতিবারের মতো এবারের পর্বেও সামাজিক অসংগতি নিয়ে বিদ্রূপাত্মক নাট্যাংশের পাশাপাশি থাকবে নিয়মিত বিভাগ—নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র।
কেয়া কসমেটিকসের সৌজন্যে অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স